Advertisement Banner
লন্ডন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জেমসের কনসার্টে বিশৃঙ্খলা, দর্শকদের ক্ষোভ প্রকাশ

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে দর্শকদের অনিয়ন্ত্রিত প্রবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নগরবাউল জেমসের পরিবেশনা শুরুর আগে নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এতে কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।

যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আয়োজিত এই সংগীতানুষ্ঠান ঘিরে দুপুর থেকেই ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে দর্শকের ভিড় আরও বেড়ে যায়। একপর্যায়ে জেমস মঞ্চে ওঠার আগমুহূর্তে নিরাপত্তাবেষ্টনী ভেঙে অনেকে ভেতরে ঢুকে পড়েন। এ সময় টিকিট ছাড়া প্রবেশ এবং অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

কনসার্টে নির্ধারিত মূল্যে টিকিট কিনে আসা দর্শকদের অনেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে না পারায় তাঁদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেন কয়েকজন দর্শক।

অনুষ্ঠানস্থলের বিশৃঙ্খলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়ে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অনুষ্ঠানের কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিশৃঙ্খলার মধ্যে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন।এক ব্যক্তিকে বলতে শোনা যায়, কনসার্টের ব্যবস্থাপনা ঠিক ছিল না এবং টিকিট ছাড়াই অনেক মানুষ ভেতরে ঢুকে পড়েছেন। 

তবে কনসার্ট চলাকালে নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শকদের প্রবেশ, টিকিটধারীদের ভোগান্তি এবং ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে আয়োজকপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, কনসার্টে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়। 

বিজ্ঞাপন
Footer Advertisement Banner